ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর থেকেই এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে। সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এবং খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমান শাহর মা নীলা চৌধুরীও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, তার ছেলে হত্যার শিকার হয়েছেন। তার দাবি ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। স্বল্প সময়ের মধ্যেই তিনি দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন এবং বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
কীভাবে তার মৃত্যু হয়েছিল এবং মামলার অভিযোগের সত্যতা কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। ডনের আটকের পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

