হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন সিলেটের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৮ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৭৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

