রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে হতাশ হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কারিনা পাল (১৬) ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা তার ফলাফল আশানুরূপ হয়নি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে নিজ কক্ষে চলে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজীম আহম্মেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়; পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

