২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।
এবার সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।
এদিকে এ বছর মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০৩টি বেড়েছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বেড়েছে ২০১টি।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা কমে যাওয়ায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তুলনামূলকভাবে কঠোর মূল্যায়নের প্রতিফলন দেখা গেছে।

