বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।
রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সরকারের একটি সূত্রের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈন প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সূত্রটি জানিয়েছে।
তবে পরাগ জৈনের ঢাকা সফর সম্পর্কে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে সফরের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু নিয়ে সরকারি পর্যায়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পরাগ জৈন বর্তমানে ‘র’-এর সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকায় আসার আগে ‘র’-প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তার এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

