চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল হয়েছে। এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পাস করতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফল অনুযায়ী, এ বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। অর্থাৎ মানবিক বিভাগের পাসের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ। ফলে এ বিভাগের ৫১ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফল করেছে। এ বিভাগে মোট ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮০ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ব্যবসায় শিক্ষা বিভাগেও পাসের হার মানবিক বিভাগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এ বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬৪ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রীদের ফলাফল ছাত্রদের তুলনায় ভালো হয়েছে। এ বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৯২ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভাগভেদে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিজ্ঞান বিভাগ সবচেয়ে ভালো ফল করলেও মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে গেছে।

