দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার সন্দেহভাজনদের ফেরত পাঠানোর বিষয়েও প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া ৫ আগস্ট শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে জানানো উদ্বেগের বিষয়টিও বৈঠকে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচার বিভাগের প্রতি সব দেশের শ্রদ্ধাশীল থাকা উচিত।
তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন।

