জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) নির্ধারিত সাক্ষ্যগ্রহণের তারিখ পরিবর্তন করে আগামীকাল বুধবার (১২ আগস্ট) নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর শাইখ মাহদী সাক্ষ্যগ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার ১৩ আসামির মধ্যে তিনজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। মঙ্গলবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অন্যদিকে, মামলার ১০ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকও রয়েছেন। ২০২৫ সালের ৮ অক্টোবর ট্রাইব্যুনাল ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ আমলে নেন। পরে ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

