চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শামীমা আক্তার মুন্নি (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ, স্বজন ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় মুন্নিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্নি উপজেলার চেড়িয়ারা গ্রামের শামীম হোসেনের মেয়ে এবং চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
মুন্নির মৃত্যুর পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের সদস্যরা এ দাবি নাকচ করে জানিয়েছেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মুন্নির মৃত্যু হয়েছে।
চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, শামীমা মানবিক বিভাগের ছাত্রী ছিল। ফলাফলে সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে বলে তিনি শুনেছেন। শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব বলেন, এটি আত্মহত্যার ঘটনা নয়। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষার্থী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, হৃদযন্ত্রের সমস্যায় তার মৃত্যু হয়েছে।
এদিকে শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে নানা চড়াই-উতরাই আসবে। পরীক্ষার ফলাফল যেমনই হোক, হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর সাহস রাখতে হবে। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

