বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গত ১৭ বছর দুই দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে এখন সমতা, স্বাধীনতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ তাই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই তা নতুন ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়েছে, ভবিষ্যতে সে ধরনের পরিস্থিতি থাকবে না বলেও জানান তিনি। তার ভাষ্য, এখন থেকে সব সিদ্ধান্ত একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকেও তাকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলেও জানান তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, সবচেয়ে বীভৎস মানুষটিও তার নাগরিক অধিকার পাবে।

