আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কেমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দল সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রপতি পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত বলে জানান তিনি।
বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দলটির হাইকমান্ড কাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনয়ন দেয়, সেটিই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।

