সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাকিব দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি তার আইনি অধিকার পাবেন।
একই প্রসঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে এবং ‘সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে’।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, গত ১৭ বছর দুই দেশের মধ্যে যেভাবে সম্পর্ক পরিচালিত হয়েছে, সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠন করা হবে। শেখ হাসিনার সরকারের সময় ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে যেভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, ভবিষ্যতে সেভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পারস্পরিক আলোচনার মাধ্যমে করা হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারপ্রধানকে আলাদাভাবেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলেও জানান তিনি।

