জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যাংকারদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর নির্বাচনকে ঘিরে ব্যাংকারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেবিএবির জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাগরাইট গ্রামের সন্তান শাহ জাহান। তার সমর্থকদের দাবি, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় থাকার পাশাপাশি ব্যাংকিং পেশায়ও দায়িত্ব পালন করে আসছেন তিনি।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখেছেন শাহ জাহান। বর্তমানে তিনি জেবিএবির জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন তার সমর্থকরা।
সমর্থকদের ভাষ্য, নির্বাচিত হলে শাহ জাহান ব্যাংকারদের পেশাগত স্বার্থ, ন্যায্য দাবি ও অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার বিষয়েও গুরুত্ব দেবেন তিনি।
শাহ জাহানের ঘনিষ্ঠদের দাবি, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং ব্যাংকারদের সঙ্গে তার যোগাযোগই এবারের নির্বাচনে তাকে আলোচনায় এনেছে।
কটিয়াদীর বাগরাইট গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে ব্যাংকিং পেশায় নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি জাতীয় পর্যায়ের একটি পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন শাহ জাহান। তার প্রার্থিতা নিয়ে নিজ এলাকা ও জেবিএবির নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
আগামী ১৫ আগস্টের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে শাহ জাহানের প্রার্থিতা নিয়ে জেবিএবির নেতাকর্মী ও ব্যাংকারদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব।

