ফরিদপুরের নগরকান্দায় ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এক ঠিকাদারকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তার সহযোগী মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে নগরকান্দা পৌরসভা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ অভিযোগ করেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজ’ ২০২৩ সালে আইইউআইডিপি প্রকল্পের আওতায় তিনটি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করে। ভুক্তভোগীর দাবি, আট মাস আগেই এই কাজের চূড়ান্ত বিল অনুমোদন হলেও তা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। বিল ছাড় করার বিনিময়ে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ১৫ শতাংশ ঘুষ দাবি করেন। এর মধ্যে গত ১০ আগস্ট পাঁচ লাখ টাকা দেওয়া হলেও, আরও পাঁচ লাখ টাকার জন্য তাকে হয়রানি করা হচ্ছিল। বুধবার বিলের বিষয়ে কথা বলতে গেলে হুমায়ুন কবির ও মোসলেম উদ্দিন জিআই পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করেন, যার ফলে তার হাত ভেঙে যায়। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
এদিকে ঘুষ দাবি এবং মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পৌর প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। তার দাবি, ঠিকাদারের কাজ অসম্পূর্ণ থাকায় নিয়মানুযায়ী বিল আটকে রাখা হয়েছিল। এই কারণে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার নিজেই প্রশাসনিক কক্ষে এসে কর্মকর্তাদের ওপর হামলা চালান। নগরকান্দা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, কাজে অসংগতি থাকায় সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত বিল দিতে নিষেধ করা হয়েছিল। তবে সরকারি দপ্তরের ভেতরে এ ধরনের মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

