রাঙামাটি সদর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। আহতরা হলেন— জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমা (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথে মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় আহত মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে স্থানান্তরের (রেফার) পথে মারা যান তিনি। অপর দুই আহতকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

