বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাই-বাছাই শেষে স্বীকৃতি পাওয়া এসব রোহিঙ্গাকে ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যাচাই প্রক্রিয়া শেষে ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত মানুষকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন কার্যকর হবে না।
নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা না থাকায় অতীতে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২০১৭ সালে সহিংসতা ও নির্যাতনের পর থেকে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ বরাবরই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছেন।

