বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। দুই দিনের সফরে প্রতিনিধিদলটি সোমবার (১৭ আগস্ট) ঢাকায় পৌঁছাবে।
সফরকালে সিআইআই প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।
প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এর মধ্যে গডরেজ ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো, গডরেজ কনজিউমার প্রোডাক্টস, নুমালিগড় রিফাইনারি ও অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরাও রয়েছেন।

