বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, জনগণের সঙ্গে দলের একটি সেতুবন্ধন তৈরি করতে হবে। সরকারকে সহযোগিতার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার কথাও জানান তিনি।
স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, খালেদা জিয়ার ওপর নানা অন্যায়-অত্যাচার হলেও তিনি কখনো বক্তব্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাননি। দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

