নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে যাত্রীসেবা চালু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলবে। পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে দুটি করে মোট চারটি বাস চালু করা হয়েছে। সব মিলিয়ে তিন শহরে ১৪টি বাস এ সেবার আওতায় থাকবে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

