ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ সেলি বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল শোভারামপুর ফুলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলি বেগমের বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫০টি পুরিয়ায় রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন কর্মকর্তারা।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত সেলি বেগমকে ফরিদপুরের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, মাদকের প্রাদুর্ভাব রুখতে তাদের এ ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

