ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বরের বিশেষ খাবার ‘খদ্দরে’ খাসি না থাকায় বিয়ে না করেই ফিরে গিয়ে আলোচনায় আসা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া এবার নতুন করে বিয়ে করেছেন। এবার তার বিয়েতে বরের পাতে ছিল ‘আস্ত খাসি’।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন জুনায়েদ। বিয়ের পর তিনি সবার কাছে নিজের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চেয়েছেন।
এর আগে সোমবার তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে খদ্দরে খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে যান তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একদিন পরই পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে তার নতুন বিয়ের খবর সামনে আসে। নতুন বিয়েতে খাসি পরিবেশনের ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও আলোচনা শুরু হয়েছে।

