রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ আগস্ট (বুধবার) কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল রিজার্ভ বাজার ও মাঝের বস্তি সহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করে। রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন মাদক সেবন ও বিক্রির অপরাধে এবং ২ জন মারামারি মামলার পরোয়ানাভুক্ত আসামি। মাদক সেবন ও কেনাবেচার অপরাধে গ্রেফতার ব্যক্তিরা হলেন—এনামুল হক (৪০), বাপ্পি দাশ (৪৫), রাজু ঘোষ (৩১), মো. আলমগীর (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৪), মোহাম্মদ আলী (৫৭), মো. সুমন (২৯), মো. সেকুল ইসলাম (৪৫), আব্দুর রশিদ (২৬), আবুল হোসেন (৩০) এবং মাদক কারবারে অভিযুক্ত মো. ইউনুছ প্রকাশ কালু (২৪)। অন্যদিকে, মারামারির অপরাধে গ্রেফতার দুজন হলেন আহাম্মদ নবী (৪০) ও রোকছি আক্তার (৬০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, শহরের সার্বিক অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে থানা এলাকায় প্রতি রাতেই এমন বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত ১৩ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

