দেশের শহর থেকে সুদূর গ্রাম পর্যন্ত প্রতিটি মানুষের কাছে উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ রাজধানীর তেজগাঁওয়ে মোবাইল অপারেটর রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত “ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সেবার মান শুধু বড় শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে টাওয়ার শেয়ারিং সুবিধা কাজে লাগিয়ে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে।
ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, সম্প্রতি সরকার গ্রাহক স্বার্থ রক্ষায় সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার সুফল যেন সাধারণ জনগণ সরাসরি ভোগ করতে পারে। কল ড্রপ, ডেটা মেয়াদ ও ব্যালান্স সংক্রান্ত গ্রাহক অসন্তোষ দূর করতে স্বচ্ছতা ও ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানোর তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি ও তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করতে সরকার কাজ করছে। সাশ্রয়ী স্মার্টফোন সহজলভ্য করতে মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমানোর পদক্ষেও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, রবি তাদের ঢাকা মডার্নাইজেশন প্রকল্পের আওতায় ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে ৪,৮০০টিরও বেশি সাইট আধুনিকায়ন করেছে। এর ফলে কল ড্রপ ২০ শতাংশ কমেছে এবং ইনডোর কভারেজ আগের চেয়ে তিন গুণ উন্নত হয়েছে। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাদারা উপস্থিত ছিলেন।

