ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দা নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলা ছাত্র-যুবলীগের সাবেক নেতা ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলিমুজ্জামান সাজু (৪৫) এবং রেবাতি সরকার নামে অপর এক ব্যক্তি। বুধবার (১৯ আগস্ট) রাতে নিহত সাজুর খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আলিমুজ্জামান সাজু সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত মো. ইউনুস আলী সরদারের কনিষ্ঠ ছেলে। তিনি পেশায় একজন চিংড়ি ঘের ব্যবসায়ী ছিলেন এবং সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কোমরের ব্যথার চিকিৎসা করাতে প্রায় ৫-৬ দিন আগে ভারতে যান তিনি। বুধবার তাঁর দেশে ফেরার কথা থাকলেও মঙ্গলবার গভীর রাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিরটের ওই হোটেলে আগুন লাগলে তিনি গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নিহতের স্বজনরা জানান, ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং এলাকায় একজন সৎ ও সমাজসেবক হিসেবে তাঁর সুখ্যাতি ছিল।
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৮ আগস্ট গভীর রাতে হোটেলে আগুন লাগার খবর পেয়েই তাদের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ শেষে মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক। নিহতদের মধ্যে সাতক্ষীরার দুজন ছাড়াও কুষ্টিয়ার একই পরিবারের চারজন এবং সাভারের আমিনবাজারের একজন রয়েছেন। নিহত অন্য দুজন ভারতীয় নাগরিক। মর্মান্তিক এই দুর্ঘটনায় সাতক্ষীরা জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রেখে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।

