স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে মুক্তি দেওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হয়।
তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তার মরদেহ কলাবাগানের নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে দীপু মনি স্বামীকে শেষবারের মতো দেখেন। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে।
দীপু মনিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে তাকে পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়ার নির্দেশ রয়েছে।

