ফরিদপুরের সালথায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের সভাপতি ইদ্রিস আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া। এ সময় বক্তারা বলেন, কেবল সাময়িক সহায়তা না দিয়ে কাজের সুযোগ তৈরি করে দেওয়া স্থায়ী দারিদ্র্য বিমোচনের প্রধান উপায়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে প্রান্তিক নারীদের অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত হবে।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ঘরোয়া পরিবেশে কাজের মাধ্যমে তারা নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

