ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামের এক স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। হামলায় তাঁর একটি দাঁত উপড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে। আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ভুক্তভোগী শাহ আলম মাতুব্বর দাবি করেন, গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুর মামলার আসামি মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেফতার করে। উক্ত গ্রেফতারের পেছনে শাহ আলমের হাত রয়েছে—এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এ সময় হামলায় তাঁর মুখের একটি দাঁত পড়ে যায়।
এ ঘটনার পরপরই আহত বিএনপি নেতার ভাই সজিব হোসেন (৪৪) বাদী হয়ে সালথা থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিবদ্ধ করা হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

