কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এক যাত্রী। শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হলে জানালার পাশে থাকা শাহীন আহমদের (৩৯) মাথায় সেটি আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে রক্তপাত শুরু হয়।
আহত শাহীন আহমদ ঢাকার উত্তরা আয়কর কার্যালয়ের প্রধান সহকারী। ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রক্তপাত বন্ধ না হওয়ায় মাইকে ঘোষণা দিয়ে চিকিৎসক খোঁজা হয়। পরে একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক তাঁকে দেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এরপর রেলওয়ে কর্তৃপক্ষ বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশনে ট্রেন থামিয়ে তাঁকে নামিয়ে দেয়। পরে সহকর্মীর সহায়তায় অটোরিকশায় করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বিমানে ঢাকায় ফিরে যান। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন।
এদিকে একই ট্রেনে এর আগে রামু-ইসলামাবাদ এলাকায়ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগির জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দৈনিক ইত্তেফাক

