দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টি-ভেট) বিস্তার ঘটাতে আরো চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে আয়োজিত ‘কারিগরি শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র গতানুগতিক শিক্ষার ওপর নির্ভর করে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। দেশের বিপুল জনগণকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, বিদেশে দক্ষ প্রবাসীদের চাহিদা বেশি এবং তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখেন। তাই দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় টি-ভেট খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরো জানান, চার নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি আন্তর্জাতিক মানের মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য একটি পৃথক মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং সংশ্লিষ্ট সেক্টরের বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

