ফরিদপুর সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অপরাধে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলায় অভিযুক্ত অপর এক আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে কড়া পুলিশ পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্তরা হলেন—ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের সুমন মোল্যা (১৯) ও একই গ্রামের ওসমান বেপারী (২৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নবম শ্রেণির দাখিল মাদ্রাসাছাত্রী ২০২৪ সালের ১৭ অক্টোবর গোয়ালন্দ ঘাটে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে না পেয়ে চাচাতো ভাইকে ফোন দেয়। পরে চাচাতো ভাইয়ের সঙ্গে ফেরার পথে অভিযুক্ত সুমন ও ওসমান জিম্মি করে মেয়েটিকে ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। ঘটনাটি পরিবারকে জানালে ২১ অক্টোবর ২০২৪ তারিখে কোতোয়ালী থানায় মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

