জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার একটি পাঁচতলা ভাড়া বাসা থেকে ইসরাত জাহান মাম্মী (৩৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জের কাওসার আহমেদ ও ইসরাত দম্পতি তাঁদের ১০ বছর বয়সী মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে মাসখানেক আগে বাড়িটির পঞ্চম তলায় ভাড়া আসেন। পারিবারিক কলহ ও দাম্পত্য কোন্দলের জেরে শনিবার রাতে তাঁদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে কাওসার দুই সন্তানকে একটি ঘরে আটকে রেখে স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন বলে স্বজনদের অভিযোগ। সকালে সন্তানদের ঘরের ভেতরে রেখেই দরজায় তালা দিয়ে কাওসার পালিয়ে যান। পরে বাচ্চারা জানালা দিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

নিহত গৃহবধূর সন্তান ও পুলিশের প্রাথমিক ধারণানুযায়ী, পারিবারিক কলোহের জেরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জামালপুর সদর থানার কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা চালচ্ছে।

