রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তালাবদ্ধ বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শনিবার রাতে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর চারজনের মরদেহ দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে। তবে কীভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

