আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী ৩ অক্টোবর ভারত সফর করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতের সঙ্গে খেলার পর বাংলাদেশ সফরে আসার এক আকস্মিক পরিকল্পনা নিয়েছে সেদেশের ফুটবল ফেডারেশন। এ উদ্দেশ্যে রোববার (২৩ আগস্ট) ব্রাজিলের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা পৌঁছায়। তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সূত্র মতে, ফিফা উইন্ডোর শেষ দিন অর্থাৎ ৬ অক্টোবর বাংলাদেশে ম্যাচ আয়োজনের বিষয়ে ব্রাজিল আগ্রহী। তবে এ প্রস্তাবকে কেন্দ্র করে বেশ জটিলতায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ইতোমধ্যেই ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ‘ফিফা আসিয়ান কাপে’ অংশ নেবে, যা ৪ অক্টোবর পর্যন্ত চলবে। ফিফার নিয়ম অনুযায়ী একটি উইন্ডোতে সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলার সুযোগ থাকায় আসিয়ান কাপ শেষ করে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা বা ফিফার স্বীকৃতি পাওয়া কিছুটা কঠিন হবে।
এ ছাড়া ব্রাজিল দলের ৯০ সদস্যের পুরো কনটিনজেন্টকে কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকা আনা এবং পরে দুবাই পৌঁছানোর পাশাপাশি বিশাল আয়োজনের বিপুল ব্যয়ের বিষয়টিও বাফুফের ভাবনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি এখনো উভয় পক্ষের আলোচনার পর্যায়ে রয়েছে।

