ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল শেখ উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে। তবে অভিযানকালে মূল মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাত পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সালথা থানা পুলিশের একটি দল পরোয়ানা তামিলের জন্য এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, বড় খারদিয়ার সুজাতের বাড়িতে দেশীয় মদ কেনাবেচা ও সেবন চলছে। পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালালে বাড়ির মালিক সুজাত পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়েন আবুল শেখ। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১০টি বোতল ও দুটি কন্টেইনারে থাকা মোট ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত পলাতক আসামি সুজাতকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

