নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি বা ‘ব্যাড টাচ’ করার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্তের পর নওগাঁ ও বগুড়ার শান্তাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই সাথে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের ওই ছাত্রী টিউশনিতে যাওয়ার পথে এটিএম মাঠের গলিতে পেছন থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাত এক যুবক তাকে শ্লীলতাহানি করে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি নওগাঁর পুলিশ সুপারকে জানালে ডিবির একটি বিশেষ টিম অপরাধীকে চিহ্নিত করতে তদন্তে নামে। শহরজুড়ে থাকা এআই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শান্তাহার জনকলোনি থেকে অভিযুক্ত ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ফুয়াদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জানান, যেকোনো স্থানে নারী ও শিশু নির্যাতন বা যৌন হয়রানির বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

