রাঙামাটি জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী শোভাযাত্রা ও সুধী সমাবেশ। ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৪ আগস্ট) সকালে তবলছড়ি মিনিস্টার ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গিয়ে সুধী সমাবেশে রূপ নেয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগসহ পাহাড়ের প্রতিটি অঞ্চলকে মাদকমুক্ত করতে পুলিশ শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে। তবে এই লড়াইয়ে সকল রাজনৈতিক দল ও স্থানীয় সচেতন নাগরিকদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য প্রদানকালে অন্য বক্তারা মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি ও সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। এ সময় মাদকের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের মামলায় স্থানীয় কোনো আইনজীবীদের লড়তে না যাওয়ার অনুরোধ জানানো হয়। আলোচনা সভা শেষে তবলছড়ি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি সদর জোন কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক, কমিউনিটি পুলিশ ও প্রেস ক্লাবের প্রতিনিধিরাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

