রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সাজেক পর্যটন এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে সাজেক থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সাজেক পর্যটন এলাকায় প্রথমে মো. জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সৈকত (২৯) ও মো. মনির হোসেন (২৫) নামের আরও দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয় আইন প্রয়োগকারী সংস্থা। আটককৃতদের সবাই বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাট মাসালং গ্রামের বাসিন্দা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার (২৪ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাজেক ও তৎসংলগ্ন এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

