তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জহির উদ্দীন স্বপনের পরিবর্তে আন্দালিভ রহমান পার্থ দায়িত্ব নেওয়ার পর সরকারি ওয়েবসাইটগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতারের অফিসিয়াল ওয়েবসাইটে সাবেক মন্ত্রীর বদলে নতুন মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ছবি যুক্ত করা হয়।
তবে হালনাগাদকৃত ওয়েবসাইটে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর যে ছবি দুটি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা চিহ্নিত করে দেখিয়েছেন, ছবি দুটি সম্পাদনায় জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’ ব্যবহার করা হয়েছে এবং ছবিতে এআই ওয়াটারমার্ক/লোগো স্পষ্ট দৃশ্যমান।
সরকারি একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মকর্তা থাকা সত্ত্বেও এ ধরনের অপেশাদার এআই-সম্পাদিত ছবি প্রকাশ করা নিয়ে প্রযুক্তি সচেতন নাগরিক ও নেটিজেনরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।

