জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গুরুতর আহত হয়েছেন গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফ্রিদি সালমান রানা। ম্যাচ চলাকালে ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর বর্তমানে হাঁটাচলায় সমস্যায় ভুগছেন তিনি। তার উন্নত চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গণিত বিভাগ ও সোশ্যাল ওয়ার্ক বিভাগের মধ্যকার ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধ শেষে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় আফ্রিদির ডান পায়ে আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এমআরআই পরীক্ষায় তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
বর্তমানে আফ্রিদি হাঁটতে গিয়ে সমস্যায় পড়ছেন এবং ডান পায়ে স্বাভাবিকভাবে ভর দিতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। সম্ভাব্য চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বেগের মধ্যে আফ্রিদির বড় ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করে চিকিৎসার সার্বিক ব্যয়ে সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “খেলতে গিয়ে এমন চোট পাওয়া আসলেই দুঃখজনক বিষয়। আমরা তাকে সুস্থ করার জন্য যতটা সাহায্য করা দরকার, তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।”
এদিকে আফ্রিদির চিকিৎসায় গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকেও সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। সোশ্যাল ওয়ার্ক বিভাগের বিপক্ষে ফাইনালে জয় পাওয়ার পর গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল, টিম ম্যানেজার আবুল হায়াত সজিবসহ আরও দুই শিক্ষক খেলোয়াড়দের জন্য জোড়া খাসি কেনার জন্য অর্থ দিয়েছিলেন। পরে আফ্রিদির বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই অর্থ তার চিকিৎসার জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল বলেন, “আমরা তার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। তার জন্য আমরা যতটুকু করা দরকার, করার চেষ্টা করব।”
আফ্রিদির চিকিৎসার বিষয়ে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম হামিম বলেন, “আমরা এমন একজন খেলোয়াড়কে হারাতে চাই না। আমরা আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য-সহযোগিতা করা যায়, করে যাব।”
গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোট পেয়ে চিকিৎসাধীন আফ্রিদির দ্রুত সুস্থতা কামনা করছেন গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা। উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন প্রত্যাশা তার পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের।

