ফুলেল শুভেচ্ছা, করতালি ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু ও সদস্যদের বরণ করে নিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাঙামাটির পথে জেলার প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড়ে পৌঁছালে স্থানীয়রা ফুল দিয়ে নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের স্বাগত জানান। পরে শহরের পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলের তোড়া ও মালা দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এতে সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নতুন পরিষদকে ঘিরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি প্রত্যাশাও তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন ও অবকাঠামোসহ জেলার বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন চান রাঙামাটির বাসিন্দারা।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বের অধীনে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী হবে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি জেলার মানুষের জীবনমান উন্নয়নে নতুন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন পরিষদকে ঘিরে মানুষের যে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাস দেখা গেছে, তা যেন বাস্তব উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রতিফলিত হয়—এটাই এখন রাঙামাটিবাসীর প্রত্যাশা।

