ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বেলুন উড্ডয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে সংগঠনটির ৩৫ বছরের পথচলা উদযাপন উপলক্ষে ‘৩৫’ সংখ্যা খচিত বেলুন উড্ডয়ন করা হয়। পরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে আসছে। নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনটির সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষার পাশাপাশি তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনেও সংগঠনের নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, ৩৫ বছরের পথচলায় সংগঠনটি অসংখ্য সৎ, যোগ্য, মেধাবী ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব তৈরি করেছে।

