ফরিদপুরের সালথায় ফুফু ও দাদির সঙ্গে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মো. সিফাত (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইউসুবদিয়া উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিফাত ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার বাসিন্দা ইমরানের ছেলে। গত ২৩ আগস্ট সে ফুফু ও দাদির সঙ্গে সালথার ইউসুবদিয়া উত্তরপাড়ায় ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করতে যায় সিফাত। খেলাধুলার একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে খুঁজতে থাকেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় নুরুল ইসলামের বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

