ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় জেলা শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

