ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ফের বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে শনিবার দুপুরের দিকে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌরসভা এলাকা, খেদারমা, আমতলী ইউনিয়ন ও সাজেক ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত মাসের প্রথম দিকেও বাঘাইছড়ির নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। ফের বন্যা দেখা দেওয়ায় এসব এলাকার মানুষের মধ্যে দুর্ভোগ বেড়েছে।
এদিকে শনিবার সকাল ১১টার দিকে আমতলী ইউনিয়নের চুড়াখালী গ্রামে বাড়ির পাশের কাচালং নদীতে গোসল করতে গিয়ে নুসরাত (৮) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই এলাকার মো. হানিফের মেয়ে।
আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, তিন শিশু একসঙ্গে কাচালং নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে নুসরাত পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বরকল উপজেলার বড় হরিণা, ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রিপন চাকমা জানান, উপজেলার কয়েকটি ইউনিয়নের কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে কতটি গ্রামের মানুষ পানিবন্দি হয়েছেন, সে তালিকা এখনো প্রস্তুত করা সম্ভব হয়নি।

