রাঙামাটির বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের হ্যাপি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বনরূপা পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাজারফান্ড জমি নিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারফান্ডের জমি বন্ধক রেখে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থসংকটে পড়ছেন। এর ফলে ব্যবসা-বাণিজ্যের পরিধি সংকুচিত হওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগও কমছে।
বক্তারা জানান, ২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রি ও মিউটেশন কার্যক্রম স্থগিত করেন। পরবর্তীতে তা চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। এরপর থেকে ব্যবসায়ীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেন তারা।
সমাবেশ থেকে বাজারফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালু, ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন দাবি জানানো হয়। একই সঙ্গে সার্কেল চিফের সনদ বাতিল, উপজেলা ভূমি অফিসে ভূমি কর/খাজনা পরিশোধের সুযোগ এবং প্রত্যাহার করা ব্রিগেড ও সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিও জানান বক্তারা।
দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তিন পার্বত্য জেলায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পিসিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

