ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের সুরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের ১৬টি জলকপাট (গেট) তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়িয়ে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক করা হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, শনিবার রাত ৮টায় প্রথম ধাপে ৬ ইঞ্চি করে গেট খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয়। পর্যায়ক্রমে রাত ১০টা ৩৫ মিনিটে পানির পরিমাণ বাড়িয়ে ১৮ হাজার কিউসেক করা হয়েছিল। কিন্তু পানির সমতল সর্বোচ্চ ধারণক্ষমতা (১০৯ ফুট এমএসএল)-এর কাছাকাছি পৌঁছানোয় আজ সকাল ১০টা থেকে ১৬টি গেট তিন ফুট পর্যন্ত তুলে দিয়ে পানি ছাড়ার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।
বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক এবং স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও ৫৮ হাজার কিউসেক—অর্থাৎ সর্বমোট প্রায় ৯০ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। হ্রদ ও নদীর পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বাড়ায় কাপ্তাই, রাঙামাটি এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

