কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। প্রতিযোগিতার উদ্বোধনী রোমাঞ্চকর ম্যাচে ফার্মেসী বিভাগকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে সূচনা করেছে অর্থনীতি বিভাগ।
রোববার (৩০ আগস্ট) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জুলহাস উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা আমাদের নিজস্ব অঙ্গনের অনুষ্ঠান। হার-জিত যাই হোক, প্রতিটি দলই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। তাই প্রতিযোগী দলগুলোকে খেলার মাঠে আক্রমণাত্মক না হয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন ফুটবল টুর্নামেন্টকে দলগত চেতনা ও শৃঙ্খলার শিক্ষা হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্ব দেন। উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং সিএসই বিভাগ।

