সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পর ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পাওয়ার পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলাকালে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই গত ১ আগস্ট মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

