বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই। আজ রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। ড. এনামুল হক শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং পরবর্তীতে নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের আইজিপি হিসেবে নিযুক্ত হন। পুলিশ ক্যাডারে সফল কর্মজীবন শেষে তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি, কন্যা অদিতি তিতাস হক এবং দুই পুত্র আশিম শৈতাল হক ও অনীক আর. হকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

