দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি চিঠিতে সাবেক এই সেনাপ্রধানকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা ও লিপিবদ্ধ করা অত্যন্ত প্রয়োজন।
অভিযোগটি অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এতে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে কমিশনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য প্রদানের জন্য সাবেক এই সেনাপ্রধানকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

